সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তুমুল আলোচনা চীনা-কানাডীয় অধ্যাপক জিয়াং শুইচিনের (Jiang Xueqin) একটি দুই বছর আগের ভিডিও নিয়ে। ২০২৪ সালের মে মাসে রেকর্ড করা ওই লেকচারে তিনি তিনটি বড় ভবিষ্যদ্বাণী করেছিলেন—ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসা, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু এবং যুক্তরাষ্ট্রের পরাজয়।
প্রথম দুটি ঘটনা ইতিমধ্যে ঘটেছে, তাই তৃতীয়টি নিয়ে এখন বিশ্বজুড়ে উৎকণ্ঠা ও কৌতূহল। তাঁর ইউটিউব চ্যানেল ‘প্রেডিকটিভ হিস্ট্রি’ এখন লাখ লাখ মানুষের নজর কেড়েছে, অনেকে তাঁকে ‘চীনের নস্ট্রাডামাস’ বলে ডাকছেন।
জিয়াং শুইচিন বেইজিংয়ে অবস্থানরত একজন শিক্ষাবিদ। ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এই অধ্যাপক দীর্ঘদিন চীনের শিক্ষাব্যবস্থা সংস্কার, পাঠ্যক্রম নকশা ও শিক্ষা দর্শন নিয়ে কাজ করেছেন। কিন্তু গত কয়েক বছরে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন তাঁর ‘প্রেডিকটিভ হিস্ট্রি’ চ্যানেলের মাধ্যমে।
এখানে তিনি ইতিহাসের প্যাটার্ন, গেম থিয়োরি এবং আইজ্যাক অ্যাসিমভের ‘সাইকো-হিস্ট্রি’ ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে বৈশ্বিক ঘটনার বিশ্লেষণ ও পূর্বাভাস দেন। চ্যানেলটির সাবস্ক্রাইবার এখন ১৫ লাখেরও বেশি, ভিডিওগুলো লাখ লাখ ভিউ পাচ্ছে।
২০২৪ সালের ওই ভাইরাল লেকচারে জিয়াং বলেছিলেন, ট্রাম্প ক্ষমতায় ফিরলে ভূ-রাজনৈতিক চাপ, ইসরায়েল লবি, সৌদি আরবের স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের হেজিমনি ধরে রাখার প্রয়োজন তাঁকে ইরানের সঙ্গে সংঘাতের দিকে ঠেলে দেবে। তিনি যুদ্ধের সম্ভাব্য নামও দিয়েছিলেন—‘অপারেশন ইরানিয়ান ফ্রিডম’। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরবসহ মিত্ররা যৌথভাবে আক্রমণ করবে বলে তিনি আভাস দিয়েছিলেন। কিন্তু তাঁর সবচেয়ে চাঞ্চল্যকর দাবি ছিল—এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে যাবে।
কারণ ইরান দীর্ঘদিন ধরে অ্যাসিমেট্রিক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, পারস্য উপসাগরের চোকপয়েন্ট, এনার্জি সাপ্লাই চেইন ও আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে পশ্চিমা শক্তির দুর্বলতা কাজে লাগাবে।
এখন ২০২৬ সালের মার্চে এসে দেখা যাচ্ছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে সংঘাত শুরু হয়েছে। অপারেশন মিডনাইট হ্যামার, এপিক ফিউরির মতো ঘটনা ঘটেছে। জিয়াংয়ের প্রথম দুটি ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় তৃতীয়টি নিয়ে আলোচনা তুঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় ক্লিপগুলো বিদ্যুৎগতিতে ছড়াচ্ছে, কেউ বলছেন ‘অবিশ্বাস্য সঠিক’, কেউ সন্দেহ করছেন এটি কাকতালীয়। কিছু সমালোচক বলছেন, জিয়াংয়ের বিশ্লেষণে ষড়যন্ত্র তত্ত্বের ছোঁয়া আছে, যেমন ফ্রিম্যাসন, জেসুইটদের নিয়ে তাঁর পুরোনো বক্তব্য। তবু তাঁর ঐতিহাসিক প্যাটার্ন ও গেম থিয়োরির ব্যবহার অনেককে আকর্ষণ করছে।


