TT Ads

হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারিকে ‘ফাঁপা’ আখ্যা দিয়ে পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ইরানকে ধ্বংস করার হুমকি দেয়ার আগে নিজের অস্তিত্ব নিয়ে ভাবতে হবে। তাঁর ভাষ্য, ‘আশুরার চেতনায়’ উদ্বুদ্ধ ইরানি জাতি কখনো ফাঁপা ধমকে ভয় পায় না ।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক বার্তায় সতর্ক করে দেন, যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ করে দেয়, তাহলে তাদের ওপর আগের যেকোনো আক্রমণের চেয়ে ‘বিশ গুণ কঠোর’ হামলা চালানো হবে। তিনি এমন লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথাও বলেন, যা ইরানের পক্ষে ‘পুনর্গঠন করা কার্যত অসম্ভব’ করে তুলবে ।

এর জবাব দিতে মোটেও দেরি করেননি ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আলি লারিজানি। এক্স-এ দেয়া এক পোস্টে তিনি লেখেন, “ইরান আপনার ফাঁপা হুমকিতে ভীত নয়। আপনার চেয়ে যারা অনেক বড় তারাও ইরান জাতিকে মুছে ফেলতে পারেনি। নিজের খেয়াল রাখুন, পাছে আপনিই নিশ্চিহ্ন হয়ে যান!” । এই বার্তায় ইরানি জনগণের ঐতিহাসিক ‘আশুরার চেতনার’ উল্লেখ করে লারিজানি বোঝাতে চেয়েছেন, আত্মত্যাগ ও প্রতিরোধের সংস্কৃতি ইরানের রক্তে মিশে আছে।

এই বাগ্যুদ্ধ কেবল অলঙ্কারিক নয়; এর পেছনে রয়েছে উত্তাল সাম্প্রতিক ইতিহাস। গত ২৮ ফেব্রুয়ারি যৌথ মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি। তাঁর স্থলাভিষিক্ত হন তার পুত্র মোজতবা খামেনেয়ি । এরপর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। ইরান ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে, মার্কিন বাহিনী ইরানের নৌবহর ও সামরিক স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে দাবি করছে ।

বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয় এই সংকীর্ণ সামুদ্রিক পথ দিয়ে । ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইতিমধ্যেই এই প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেছে এবং যতদিন সংঘাত চলবে, ততদিন ‘অঞ্চল থেকে এক লিটার তেলও’ মার্কিন ও ইসরায়েলি মিত্রদের কাছে যেতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে । এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। ব্রেন্ট ক্রুডের দাম আবারও ১০০ ডলারের ওঠে গিয়েছিল, যা এখন কিছুটা কমলেও সংকট কাটেনি ।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *