TT Ads

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের ১০ উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার এই উপদেষ্টাদের সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে নতুন সরকারের নীতিনির্ধারণী কাঠামো আরও সুসংহত হলো।

গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়া এই ১০ উপদেষ্টার মধ্যে পাঁচজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা এবং বাকি পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন। আজকের দপ্তর বণ্টনে দেখা গেছে, রাজনৈতিক কৌশলী ও অভিজ্ঞ নেতাদের ওপরই সবচেয়ে বেশি আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী পদমর্যাদার পাঁচজন উপদেষ্টার মধ্যে তিনজনকে সরাসরি ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। অভিজ্ঞ এই তিন নেতার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়াকে সরকারের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং কৌশল নির্ধারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্য নিয়ে মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন এবং বিশিষ্ট অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের দায়িত্ব

প্রতিমন্ত্রী পদমর্যাদার পাঁচজন উপদেষ্টাকেও গুরুত্বপূর্ণ সেক্টরগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে:

হুমায়ুন কবির: পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম: প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ডা. জাহেদ উর রহমান: পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি।

মাহদী আমিন: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

রেহান আসিফ আসাদ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *