ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষলগ্নে এক উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, আগামী দিনের রাজনীতি হবে নিছক ক্ষমতার পালাবদল নয়, বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই রাজনৈতিক দর্শন তুলে ধরেন।
বিকেল গড়াতেই টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাস এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সিরাজগঞ্জের জনসভা শেষ করে বিকেল সাড়ে ৫টায় মঞ্চে ওঠেন তারেক রহমান। উপস্থিত জনতার করতালির মধ্যে তিনি বলেন, “আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের। আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের। এ দেশ কোনো নির্দিষ্ট দলের না, কারো ব্যক্তিগত সম্পত্তি না। এই দেশ লাখো-কোটি মানুষের। এদেশের আসল মালিক এই দেশের সাধারণ জনগণ। কাজেই আমাদের কাছে সবার আগে বাংলাদেশ।”
তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দেন যে, গত ১৫ বছরের দুঃশাসন ও অধিকারহীনতার পর মানুষ এখন কেবল ভোট নয়, জীবনের নিরাপত্তা ও অর্থনৈতিক মুক্তি চায়। তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি ক্ষমতায় এলে কেবল মেগা প্রজেক্ট নয়, বরং মানুষের পকেটে টাকা এবং ঘরে খাবার পৌঁছানোর মতো ‘টেকসই উন্নয়ন’ নিশ্চিত করা হবে।
নির্বাচন ঘিরে কোনো মহলের ষড়যন্ত্র চলছে কি না, সে বিষয়েও দেশবাসীকে সতর্ক করেন বিএনপি চেয়ারম্যান। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী ডিজিটাল পদ্ধতিতে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহের মাধ্যমে পর্দার আড়ালে কোনো কারসাজি করা হচ্ছে কি না, তা নিয়ে তিনি বিশেষ করে নারী ভোটারদের সজাগ থাকার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে যাবেন। নিজের ভোট কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে। মনে রাখবেন, ভোট আপনার আমানত, আর এই আমানত রক্ষা করার দায়িত্বও আপনাদের।”


