TT Ads

বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদে বড় পরিবর্তন এনেছে সরকার। অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিসিএস ১৫তম ব্যাচের এই চৌকস কর্মকর্তার আইজিপি হওয়ার সফরটি মোটেও মসৃণ ছিল না। পেশাদারিত্ব ও সততার জন্য পরিচিত আলী হোসেন ফকির বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চরম রাজনৈতিক রোষানলের শিকার হয়েছিলেন। ১৯৯৭ সালে প্রথমবার তাকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে বিএনপি-জামায়াত সরকারের আমলে আইনি লড়াইয়ে জিতে তিনি চাকরিতে ফেরেন।

তবে বঞ্চনার এখানেই শেষ ছিল না। ২০২২ সালে শেখ হাসিনা সরকার তাকে পুনরায় বাধ্যতামূলক অবসরে পাঠায়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাকে চাকরিতে পুনর্বহাল করে। এরপর মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনি ধাপে ধাপে পদোন্নতি পেয়ে আজ পুলিশের ৩২তম আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই নিয়োগ কার্যকর করা হয়েছে। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন।

মো. আলী হোসেন ফকিরের জন্ম ১৯৬৮ সালে বাগেরহাট জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে ১৯৯৫ সালে তিনি পুলিশ ক্যাডারে যোগ দেন। কর্মজীবনে তিনি নেট্রেকোণা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও ডিএমপির উত্তরা জোনের উপ-কমিশনার এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও আইভরি কোস্টে দক্ষতার সাথে কাজ করেছেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *