ব্যাপক অর্থনৈতিক সংকট শ্রীলঙ্কায়। প্রয়োজনীয় তহবিল না মেলায় স্থানীয় সরকার নির্বাচনের নির্ধারিত সময়সূচী স্থগিত করেছে শ্রীলংকা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে দেশটির শীর্ষ আদালত নির্বাচন সংক্রান্ত একটি পিটিশনের শুনানি আগামী মে মাস পর্যন্ত স্থগিত করেছিলেন।

দেশটির নির্বাচন কমিশন এখন প্রয়োজনীয় তহবিলের জন্য পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াবা আবেইওয়ার্দানার সঙ্গে যোগাযোগ করছে।

আগামী ৯ মার্চ ভারত মহাসাগরের ওই দ্বীপরাষ্ট্রে স্থানীয় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের তরফে সে দেশের সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে, বর্তমান আর্থিক পরিস্থিতিতে ভোটের আয়োজন করা সম্ভব নয়।

এরপরই আদালতে রিট করেন বিরোধী দলের সদস্যরা। এর প্রেক্ষিতে শীর্ষ আদালতে জমা দেওয়া শ্রীলংকা নির্বাচন কমিশনের হলফনামায় বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় ব্যালট ছাপানোর খরচ দিতে অস্বীকৃতি জানিয়েছে। এ ছাড়া নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়ির জ্বালানি, বুথের নিরাপত্তায় পুলিশ মোতায়েনসহ অন্যান্য খরচও পাওয়া যাবে না।

এরপরই বৃহস্পতিবার ওই রিটের শুনানি আগামী মে মাস পর্যন্ত স্থগিত করেন সর্বোচ্চ আদালত। এর একদিন পরই নির্বাচন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিল দেশটির নির্বাচন কমিশন। নির্বাচনের পরবর্তী সময়সূচী ৩ মার্চ জানিয়ে দেওয়া হবে। খবর এনডিটিভি।

পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবিরকে (৪৪) নৃশংসভাবে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মডেল ও অভিনেত্রী ফজিলাতুন্নেছা ওরফে রিয়া ওরফে সুহাসিনী ওরফে অধরাকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মডেল ও অভিনেত্রী ফজিলাতুন্নেছা ওরফে রিয়া ওরফে সুহাসিনী ওরফে অধরা গ্রেফতার।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর মেরুল বাড্ডায় সুবাস্তু টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, রাজধানীর শাহ আলী থানায় কর্মরত থাকা অবস্থায় এএসআই হুমায়ুন কবিরকে ২০১৩ সালে মিরপুরের একটি বাসায় শ্বাসরোধের পর বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যা করেন রিয়া ওরফে অধরা। এরপর ১০ বছর ধরে তিনি পলাতক ছিলেন।

র‌্যাবের কর্মকর্তা আরও বলেন, এএসআই হুমায়ুনকে হত্যার পর রিয়া নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসকর্মী হিসেবে চাকরি শুরু করেন। পরে ২০১৫ সালে পরিচয় পরিবর্তন করে জাল এসএসসি সনদ তৈরির পর রাজধানীতে একটি মাল্টিমিডিয়া কোম্পানির বিক্রয়কর্মীর কাজ নেন। এরপর ২০১৬ সাল থেকে মডেল ও অভিনেত্রী হিসেবে চিত্রজগতে কাজ শুরু করেন। এ সময় তার ব্যক্তিগত পরিচয়পত্রের নাম ফজিলাতুন্নেছা ওরফে রিয়া থেকে কৌশলে সুহাসিনী ওরফে অধরা নামে পরিচয়পত্র পরিবর্তন করেন।

ওই নামে চিত্রজগতে নিজেকে বিখ্যাত মডেল হিসেবে প্রতিষ্ঠিত করে মেরুল বাড্ডার সুবাস্তু টাওয়ারের একটি বাসায় নিজেকে আত্মগোপন করে বসবাস করে আসছিলেন। গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫৮ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও পরিচয় পরিবর্তনের উদ্দেশে তৈরি করা জাল এসএসসি সনদ জব্দ করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক।

শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও পাত্তা পায়নি বাংলাদেশের মেয়েরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ৭১ রানের বড় ব্যবধানে হেরেছে জ্যোতিরা ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কেপ টাউনে ১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে টাইগ্রেসরা ৮ উইকেট হারিয়ে ১১৮ রান করতে সক্ষম হয়।

টানা তিন হারে এক ম্যাচ হাতে থাকতেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। নিয়মরক্ষার ম্যাচে আগামী মঙ্গলবার জ্যোতিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৭ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে অজিরা ৮ উইকেটে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। ফলে বাংলাদেশের মেয়েদের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল বাঁচা-মরার।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরুতে এক চার ও এক ছক্কার মারে ওপেনার শামীমা সুলতানা আশা দেখালেও তৃতীয় ওভার থেকেই পথ হারায় বাংলাদেশ। শামীমা ১১ বলে ১৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন। পর পর বিদায় নে সোবানা মোস্তারি (৪) ও নিগার সুলতানা জ্যোতি (৮)।

দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ আর প্রয়োজনীয় রানের সঙ্গে পাল্লা দিতে পারেনি। মুরশিদা খাতুনের ৩০ ও স্বর্ণা আক্তারের ৩১ রানের ইনিংস ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। হান্নাহ রো ও ইডেন কার্সনদের বোলিং তোপে শেষ পর্যন্ত টাইগ্রেসদের ইনিংস থামে ১১৮ রানে। ৭১ রানের বড় জয়ে লড়াইয়ে টিকে থাকে কিউইরা। বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।

এর আগে সুজি বেটস, ম্যাডি গ্রিন ও বার্নাদিন বেজুইদেনাট কিউই নারীদের বড় সংগ্রহ এনে দেন। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আধিপত্য করে খেলে কিউইরা। মাত্র ৮.৪ ওভারেই ওপেনিং জুটিতে তারা তুলে ফেলে ৭৭ রান। ২৬ বলে ৪৪ রানের মারকুটে ইনিংস খেলে স্বর্ণা আক্তারের বলে স্টাম্পিং হন বার্নাদিন বেজুইদেনাট। এরপর অ্যামেলিয়া কের (১৬) ও সোফি ডিভাইনকে (০) পর পর ফিরিয়ে কিছু সময়ের জন্য ফাহিমা খাতুন টাইগ্রেসদের লড়াইয়ে ফেরান।

কিন্তু ওপেনার সুজি বেটস দলের রানা সচল রাখেন। চতুর্থ উইকেটে এসে ম্যাডি গ্রিন ঝড় তোলেন ঝড়। মাত্র ৭ ওভারে এ দুই ব্যাটার দলকে এনে দেন ৮২ রান। বেটস ৬১ বলে ৭ চার ও এক ছক্কায় ৮১ রানে এবং গ্রিন ২০ বলে ৭ চারের মারে ৪৪ রান করে অপরাজিত থাকেন। তাতে নির্ধারিত ওভার শেষে মাত্র ৩ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৮৯ রান।

বাংলাদেশের পক্ষে ৩৬ রান খরচায় ২ উইকেট তুলে নিয়েছেন ফাহিমা খাতুন। স্বর্ণা আক্তারের শিকার এক উইকেট।

ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজস্কি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন। খবর রয়টার্স।

গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক ব্লগ পোস্টে ইউটিউবের সিইওর পদ ছাড়ার ঘোষণা দেন সুসান ওজস্কি। পরিবার, নিজের স্বাস্থ্য ও ব্যক্তিগত কাজে মনোযোগ দেয়ার কথা জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

২০১৪ সালে তিনি এ পদে যোগ দিয়েছিলেন। তার আগে গুগলের বিজ্ঞাপন ও বাণিজ্য বিভাগে কাজ করেছিলেন তিনি। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, নীল মোহনের বয়স ৪৯ বছর। তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন। ২০১৫ সাল থেকে তিনি ইউটিউবের প্রধান পণ্যবিষয়ক কর্মকর্তা (সিপিও) হিসেবে কর্মরত।

চীনে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চলতি বছর ৩০ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় নতুন করে দেশটির গ্রিডে যুক্ত হতে পারে ৯৫-১২০ গিগাওয়াট সক্ষমতা। এর মধ্য দিয়ে বার্ষিক সক্ষমতা রেকর্ড স্পর্শ করবে। চীনের সৌরবিদ্যুৎ উৎপাদন অ্যাসোসিয়েশন সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির ন্যাশনাল এনার্জি অ্যাডমিনিস্ট্রেশনের (এনইএ) দেয়া তথ্যানুযায়ী, ২০২২ সালে বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন ২০২১ সালের তুলনায় বেড়েছে ২১ শতাংশ। চলতি বছর উৎপাদন আরো বাড়বে।

চীন বিশ্বের শীর্ষ সৌরপণ্য ও সৌরবিদ্যুৎ উৎপাদক দেশ। গত বছর নতুন কিছু প্লান্টের মাধ্যমে দেশটির গ্রিডে ৮৭ দশমিক ৪১ গিগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা যুক্ত হয়। এর মধ্য দিয়ে মোট সক্ষমতা দাঁড়িয়েছে ৩৯২ দশমিক ৬১ গিগাওয়াটে।

বায়ু টারবাইন ও সৌর প্যানেল ব্যবহার করে দেশের আবাসিক বিদ্যুৎ চাহিদার প্রায় পুরোটাই পূরণ করতে সক্ষম হয়েছে চীন। এর মাধ্যমে প্রায় প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করছে তারা।

চীন ফটোভোলটাইক ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (সিপিআইএ) চেয়ারম্যান ওয়াং বোহুয়া সম্প্রতি একটি সম্মেলনে বলেন, ‘বিনিয়োগ ব্যয় কিছুটা কমলেও চীনে সৌরবিদ্যুৎ স্টেশনগুলোর উন্নয়ন বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে বিভিন্ন প্রদেশে জ্বালানি মজুদাগার ও সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে স্থানীয় সরকারের নানা বাধ্যবাধকতার মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের। ভূমি ও পানিসম্পদ ব্যবহারে বিধিনিষেধও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। কৃষিজমি সংরক্ষণ প্রচেষ্টার অংশ হিসেবেই এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’

দেশটির সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যখন খুব দ্রুত বাড়ছে, তখন দেশটির সৌরপণ্য রফতানিকারকরা অনেক বেশি বাণিজ্যিক বিরোধের সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মতো গন্তব্যগুলোয় কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে তাদের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) লীগ পর্বের সময়সূচী ঘোষণা করেছে বিসিসিআই। আগামী ৩১ মার্চ গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইপিএলের এবারের আসর।

আহমেদাবাদে ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

লীগ পর্বে প্রতিটি দল ৭টি করে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে। ৫২ দিনে ১২টি ভেন্যুতে হবে লিগ পর্বের ৭০ ম্যাচ। এর মধ্যে ডাবল হেডার ডে তথা দিনে দুটি করে ম্যাচ হবে ১৮টি।

১ এপ্রিল মৌসুমের প্রথম ডাবল হেডার ডেতে মুখোমুখি হবে পাঞ্জাব-কলকাতা এবং লখনউ-দিল্লি। প্লে-অফ এবং ফাইনালের সময়সূচী পরে জানানো হবে।

শেয়ার ও হিসাব জালিয়াতির অভিযোগে টালমাটাল ভারতের আদানি গ্রুপ। এ কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেড থেকে এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চুক্তি করেছে।

এ চুক্তিকে ‘অসম, অস্বচ্ছ ও বৈষম্যমূলক’ বলে উল্লেখ করে তা পুনর্বিবেচনা এবং প্রয়োজনে বাতিলের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ আহ্বান এবং পরামর্শ দেন।

এ নিয়ে উদ্বেগ জানিয়ে টিআইবি বলছে, আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনার যে চুক্তি হয়েছে, তা বাস্তবায়ন হলে বাংলাদেশের বিদ্যুৎ খাত বিতর্কিত কোম্পানির হাতে জিম্মি হয়ে পড়তে পারে। এ চুক্তির চূড়ান্ত বোঝা দেশের জনগণকে বইতে হতে পারে।

বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে চুক্তির শর্তসমূহ পুঙ্ক্ষানুপুঙ্ক্ষ বিশ্লেষণ ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন, প্রয়োজনে চুক্তি বাতিলের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বিমানবন্দর থেকে ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন। মালয়েশিয়ায় কোম্পানি রিসিভ করতে না আসায় দুইদিন বিমানবন্দরে রেখে ১৭ ফেব্রুয়ারি এয়ার এশিয়ার সাড়ে ৬টার ফ্লাইটে কুয়ালালামপুর থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

গত ১৫ ফেব্রুয়ারি ‘গ্রিনল্যান্ড ওভারসিজ’ ঢাকা থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়ার এভারলেনটেন এসডিএন বিএইচডি কোম্পানির ২৯ জন বাংলাদেশি কর্মী পাঠায়।

কোম্পানিটি ২৯ জনের মধ্যে ১০ জনকে রিসিভ করলেও বাকি ১৯ জনকে রিসিভ না করেই ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন।

নিয়োগকারী এজেন্সি গ্রিনল্যান্ড ওভারসিজ (আরএলনং-৪০) প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন জানান, মালয়েশিয়ান কোম্পানি এভারলেনটেন এসডিএন, বিএইচডিতে আমরা বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি, ২৯ জন কর্মী পাঠায়।

এ সময় কোম্পানি থেকে রিসিভ করতে গেলে মালয়েশিয়ান এয়ারপোর্ট ইমিগ্রেশন বিভাগ ১০ জন কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দিলেও বাকি ১৯ জনের ইমিগেশন ডাটা সঠিক না থাকায় তাদের ফেরত পাঠায়।

দেশে স্বর্ণ আমদানির বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে ইতিবাচক হতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ নীতিবিদরা। একইসঙ্গে স্বর্ণের বাজার দেশের বাহিরেও সম্প্রসারিত করার পরামর্শ দেন তারা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) তিনদিনব্যাপী বাজুস আয়োজিত গোল্ড ফেয়ারের সমাপনি সেশনে বিভিন্ন বিষয় তুলে ধরেন তারা।

বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বাজুস মেলা

রাজধানী ঢাকায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মেলা। বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে তিন দিনব্যাপী এই স্বর্ণ মেলার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীর।

তিন দিনব্যাপী এই মেলায় স্বর্ণের অলংকারের ৮টি প্যাভিলিয়ন, ১২টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টল রয়েছে। সেগুলোতে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল।

সৌন্দর্য ও বিশুদ্ধতার প্রতীক ফুলের চাহিদা কোনো কালেই কমতি ছিলো না। ফুলের প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন। সারা বছরই বিয়ে, জন্মদিন, প্রতিষ্ঠাবার্ষিকীসহ নানান অনুষ্ঠানে প্রয়োজন ফুলের। রয়েছে একুশে ফেব্রুয়ারি ও ভালোবাসা দিবসের মতো জাতীয় ও আন্তর্জাতিক উৎসবও। প্রতিবারের মতো এবারও তাই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে রাজধানীর ফুল বাজারগুলোতে লেগেছে ব্যস্ততার ছোঁয়া।

ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি শ্রী বাবুল প্রসাদ জানান, রাজধানীসহ সারাদেশে ফেব্রুয়ারি মাসজুড়ে এবার তিনটি ইভেন্টে ফুল বিক্রি হবে প্রায় তিনশ কোটি টাকা। এরমধ্যে ঢাকায় হবে একুশে ফেব্রুয়ারিসহ প্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকার। যশোরের গদখালিতে ৫০ কোটি ও ঝিনাইদহে বিক্রি হবে ৪০ কোটি টাকার ফুল। বাকিটা দেশের বিভিন্ন প্রান্তে।

রাজধানীর কয়েকটি ফুল বাজার আগারগাঁও, শাহবাগ  ও ফার্মগেট । এবার রাজধানীর বেশির ভাগ ফুল যশোরের গদখালি থেকে কেনা হচ্ছে। ভালোবাসা দিবস উপলক্ষ্যে সারা দেশে ফুলের চাহিদা হওয়ায় দাম কিছুটা বেশি। তাছাড়া পরিবহন খরচ ফুলের বান্ডিল প্রতি অন্য সময়ের থেকে বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা বেশি। যার প্রভাবে বাজারে ফুলের দাম একটু বেড়েছে বলে ব্যবসায়ীরা জানান।

আগারগাঁও পাইকারী ফুল বাজার সমিতির সভাপতি ও বাংলাদেশ ফুল সমিতি জানায়, বছরের কয়েকটি দিন আমাদের বেচাকেনার জন্য ব্যস্ত থাকতে হয়। এসব দিনগুলোর মধ্যে বিশ্বভালোবাসা দিবসে আমাদের সবচেয়ে বেশি বেঁচাকেনা হয়। দিবসগুলো ঘিরে যশোরের গদখালী, ঝিনাইদহ, সাভারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে ফুল আসে।