বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে ‘ফ্যামিলি কার্ড’ বা পারিবারিক কার্ডের মাধ্যমে সরকারের সব জনকল্যাণমূলক সুবিধাকে একটি একক প্ল্যাটফর্মে বা এক সুতায় নিয়ে আসা হবে। এর ফলে সাধারণ মানুষকে আর ভিন্ন ভিন্ন সেবার জন্য আলাদা জায়গায় ধরনা দিতে হবে না।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের জন্য ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তারেক রহমান তার বক্তব্যে বিদ্যমান সরকারি প্রকল্পের সীমাবদ্ধতাগুলো তুলে ধরেন। তিনি বলেন, “বর্তমানে সরকারের অনেক প্রজেক্ট বা প্রকল্প চালু আছে, কিন্তু সেগুলো অসংগঠিত। সাধারণ মানুষ জানতেই পারে না কোন সুবিধা কোথায় মিলবে। আমরা ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তন করতে চাই, যার মাধ্যমে সব নাগরিক সুবিধা একটি কার্ডের ভেতরেই পাওয়া সম্ভব হবে। এটি হবে মূলত ডাটাবেজভিত্তিক একটি সিস্টেম, যেখানে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষিত থাকবে।”
তিনি আরও বলেন, এই কার্ডের প্রাথমিক সুবিধাভোগী হবেন পরিবারের নারী প্রধান বা মা-বোনেরা। এর মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা (ভাতা) সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া হবে, যাতে তারা অভাবের সময় সংসার পরিচালনায় স্বাবলম্বী হতে পারেন।
অনুষ্ঠানে তরুণদের সঙ্গে মতবিনিময়ের সময় শিক্ষা ব্যবস্থা নিয়েও নিজের ভাবনার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, “পড়াশোনাকে শিশুদের কাছে ‘ফান’ বা আনন্দের বিষয় হিসেবে উপস্থাপন করতে হবে। শুধু বই মুখস্থ নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিকে (Art & Culture) মূল কারিকুলামের অংশ করতে হবে। খেলাধুলাতেও পাস করতে হবে—এমন নিয়ম থাকলে তরুণ প্রজন্ম অনলাইন আসক্তি থেকে দূরে থাকবে।”
রাজধানীর চিরচেনা যানজট নিরসনে তিনি ‘স্যাটেলাইট টাউন’ বা উপশহর গড়ার ওপর জোর দেন। তার মতে, সব সুযোগ-সুবিধা এবং চাকরি ঢাকা কেন্দ্রিক হওয়ায় ট্রাফিক জ্যাম বাড়ছে। ঢাকার বাইরে উন্নত স্যাটেলাইট টাউন করে সেখানে স্বাস্থ্য ও শিক্ষার সব ব্যবস্থা রাখা হবে। এছাড়া ব্যয়বহুল মেট্রোরেলের চেয়ে ‘মনোরেল’ নেটওয়ার্ক বিস্তারের মাধ্যমে ঢাকার সব অলিগলিকে প্রধান মেট্রো স্টেশনের সাথে যুক্ত করার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।


