TT Ads

দীর্ঘ ১৮ মাসেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক টানাপোড়েন ও অস্থিরতা কাটিয়ে অবশেষে ঢাকা হয়ে আগরতলা-কলকাতা আন্তর্জাতিক বাস সার্ভিস চালু হলো।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ত্রিপুরার আগরতলা থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার মধ্য দিয়ে এই পরিষেবার আনুষ্ঠানিক মহড়া সম্পন্ন হয়েছে।

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই সংযোগ সড়কটি কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের অন্যতম মেরুদণ্ড। শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম পরীক্ষামূলক যাত্রা শুরু হলেও, আজ মঙ্গলবার থেকে এই কার্যক্রম পূর্ণ গতি পেয়েছে। আগরতলার কৃষ্ণনগরের বাস ডিপো থেকে ছেড়ে আসা বাসটি ঢাকা হয়ে সরাসরি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।

গত দেড় বছরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ডামাডোল এবং ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এই রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছিলেন সাধারণ যাত্রী, রোগী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে অতি সম্প্রতি বাংলাদেশে সাধারণ নির্বাচন সম্পন্ন হওয়ার পর রাজনৈতিক পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হওয়ায় দুই দেশের নীতিনির্ধারকরা পুনরায় যোগাযোগ স্থাপনে সম্মত হন।

ত্রিপুরার আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থার ম্যানেজার মনোরঞ্জন দেবনাথ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, “ভিসা জটিলতা এবং অনিবার্য কিছু নিরাপত্তা সংকটের কারণে দীর্ঘ সময় আমরা পরিষেবাটি চালু রাখতে পারিনি। বর্তমানে পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়েছে। আপাতত আমরা পরীক্ষামূলকভাবে (ট্রায়াল রান) বাস চালাচ্ছি।”

জানা গেছে, আগামী দু-তিন দিন এই পর্যবেক্ষনমূলক যাত্রা অব্যাহত থাকবে। সীমান্ত অবকাঠামো এবং সড়ক নিরাপত্তা খতিয়ে দেখার পর সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে নিয়মিত সময়সূচী অনুযায়ী সপ্তাহে অন্তত তিন দিন এই আন্তর্জাতিক বাস চলবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *