রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি বেশি হওয়ায় দেশে অস্বাভাবিকভাব মূল্যস্ফিতি বাড়বে না বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
রোববার (১২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, যে পরিমাণ খাদ্যশষ্য আমদানি হয়েছে তাতে চলতি বছর মূল্যস্ফীতি সহনীয় থাকবে।
এদিকে গত সাত মাস ধরে মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানায়,
ফেব্রুয়ারিতে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার শূণ্য দশমিক ২১ শতাংশ পয়েন্ট বেড়ে ৮ দশমিক ৭৮ শতাংশে পৌঁছেছে।
এ অবস্থায় প্রতিমন্ত্রী বলেন, ফিডের দাম বৃদ্ধি হওয়ায় পোল্ট্রি খাতে দাম বেড়েছে। এটি আগের অবস্থানে আসতে সময় লাগবে। আর রমজানে ভোগ্যপণ্য কেনাকাটা বেশি হওয়ায় মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও তা অস্বাভাবিক হবে না বলে মনে করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।
এরআগে সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয় একনেকের চলতি অর্থবছরের ৯ম বৈঠক। এতে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সদস্য ও পরিকল্পনা কমিশনের সদস্যরা। বৈঠকে ১২ হাজার ১৬৭ কেটি টাকা ব্যয়ে নতুন ৮টি প্রকল্পের অনুমোদন এবং ব্যয় বৃদ্ধি ছাড়াই মেয়াদ বাড়ানো হয় ৪টি প্রকল্পের।
নতুন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের মধ্যে সরকারি অর্থায়নের পরিমাণ প্রায় ৩ হাজার ৯৮ কোটি টাকা। এছাড়া ৮ হাজার ৯১২ কোটি টাকা যোগান মিলবে বিদেশি অর্থায়নে।


