দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ ঘোষণা করেছে সরকার। এ বছর কিংবদন্তি সংগীতশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু এবং বিশ্বখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতাসহ মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদকের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে রক মিউজিক বা ব্যান্ড সংগীতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্যান্ড হিসেবে ‘ওয়ারফেজ’ এই রাষ্ট্রীয় সম্মাননা পেতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তালিকা প্রকাশ করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে দেশের সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক মহলে আনন্দের জোয়ার বইছে।
আরও পড়ুনঃ এদেশ কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়: টাঙ্গাইলে তারেক রহমান
বাংলাদেশের ব্যান্ড সংগীতের রূপকার আইয়ুব বাচ্চুকে এবার মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়েছে। তার অনবদ্য গিটার বাদন এবং কালজয়ী সব গান কয়েক প্রজন্মকে মুগ্ধ করে রেখেছে। ২০১৮ সালে তার প্রয়াণের পর ভক্তদের দীর্ঘদিনের দাবি ছিল তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যদায় ভূষিত করার। অন্যদিকে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা তার দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে চলচ্চিত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক পাচ্ছেন। ‘অশনি সংকেত’ থেকে শুরু করে অসংখ্য কালজয়ী সিনেমার মাধ্যমে তিনি বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন।
এবারের পদক তালিকায় সবচেয়ে চমকপ্রদ নাম প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর তার এই রাষ্ট্রীয় স্বীকৃতি সাংবাদিকতা ও রাজনৈতিক বিশ্লেষণে তার দীর্ঘ লড়াইয়ের এক বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে। এছাড়া দেশের ইতিহাসে প্রথমবার কোনো ব্যান্ড দলকে একুশে পদক দেওয়া হচ্ছে। আশির দশকের জনপ্রিয় মেটাল ব্যান্ড ‘ওয়ারফেজ’ তাদের দীর্ঘ চার দশকের পথচলার স্বীকৃতি পেল। এর মাধ্যমে মূলধারার সংগীতে ব্যান্ড মিউজিকের অবস্থান আরও সুদৃঢ় হলো বলে মনে করছেন সংগীতবোদ্ধারা।


