বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক চরম নাটকীয় ও অনাকাঙ্ক্ষিত মোড় নিল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তার অজুহাতে ভারতে গিয়ে খেলতে অনীহা প্রকাশ করায় কড়া পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’ দাবি করেছে, আসন্ন বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যদিও আইসিসি থেকে এখনও কোনো আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবে ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের আইসিসি সদর দপ্তর থেকে ইতোমধ্যেই এডিনবরায় ‘ক্রিকেট স্কটল্যান্ড’-এর প্রধান কার্যালয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। মূলত ভারত সফরে বিসিবির নিরাপত্তা সংক্রান্ত আপত্তির প্রেক্ষিতে আইসিসি এই কঠোর অবস্থান নিয়েছে।
ঘটনার সূত্রপাত বিসিবির পক্ষ থেকে আইসিসিকে লেখা একটি চিঠিতে। যেখানে ভারতের উগ্রপন্থী গোষ্ঠীগুলোর হুমকির মুখে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। বিশেষ করে, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনাকে কেন্দ্র করে বিসিবি ভারতের মাটিতে ম্যাচগুলো আয়োজনের বিরোধিতা করে ভেন্যু স্থানান্তরের দাবি জানিয়েছিল। তবে আইসিসি সেই দাবি সরাসরি নাকচ করে দেয় এবং বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো সদুত্তর না পাওয়ায় আইসিসি শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে বেছে নেয়।
নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে কোনো দেশ অংশগ্রহণ করতে ব্যর্থ হলে বা নাম প্রত্যাহার করে নিলে আইসিসি র্যাঙ্কিংয়ে থাকা পরবর্তী সেরা দেশটিকে সুযোগ দেয়। স্কটল্যান্ড বর্তমানে সহযোগী দেশগুলোর মধ্যে শক্তিশালী অবস্থানে রয়েছে।


