চিলারংয়ের মেঠোপথ ধরে এগোতেই কানে ভেসে আসছিল স্লোগান— ‘হিন্দু-মুসলিম বেঁধেছে জোট, ধানের শীষে দিবে ভোট’। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের চিলারং ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে যখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৌঁছান, তখন শীতের দুপুরের আমেজ ছাপিয়ে উৎসবের আমেজ চারদিকে। সেই সভায় দাঁড়িয়েই তিনি দেশের আগামী রাজনীতির গতিপথ নিয়ে এক গুরুত্বপূর্ণ ও কড়া বার্তা দিলেন।
বিএনপির এই শীর্ষ নেতা সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে বিভাজনের রাজনীতি আর চলবে না। বিশেষ করে যারা ধর্মকে ভিত্তি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, তাদের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।
গণসংযোগে সমবেত জনতার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আজকে আমাদের আনন্দ যে— আমরা হিন্দু-মুসলিম সবাই একটাই চিন্তা করছি— এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে এখানে প্রশ্রয় দিতে চাই না। খুব পরিষ্কার কথা।”
তিনি আরও বলেন, “রাজনীতি হবে উন্নয়ন আর মানুষের অধিকার নিয়ে। সেখানে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা হবে না। এই জনপদে দীর্ঘকাল ধরে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। রাজনৈতিক কারণে সেই সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না।”
সভা চলাকালীন স্থানীয় যুবকদের দেওয়া একটি স্লোগান বিশেষভাবে মন কেড়েছে বিএনপি মহাসচিবের। তিনি বলেন, “এজন্য আমাদের ছেলেরা স্লোগান দিচ্ছে— ‘হিন্দু-মুসলিম বেঁধেছে জোট, ধানের শীষে দিবে ভোট’। স্লোগানটা আমার খুব পছন্দ হয়েছে। এটা খুব ভালো একটা স্লোগান। এটাই আমাদের বাংলাদেশের আসল শক্তি।”


