দেশে করোনা ভাইরাসে সবশেষ ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত চারদিন দেশে করোনায় কেউ মারা যাননি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৯ জনের।
সোমবার (২৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৮১ জনের দেহে। এর আগে রোববার করোনা শনাক্ত হয় ৪৩ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জনে।
সবশেষ ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ। এর আগে রোববার শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৫৪ শতাংশ।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন।
করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ১৯১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪১ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ২৬৬ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৪৭ হাজার ৮৮০ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৬ লাখ ২১ হাজার ৮৮৮ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩ হাজার ৪৬৭ জনের।


