আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা।

মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে নেয়া ছবিতে সেই ছাপ স্পষ্ট।

সোমবার বিকেলে এই খবর পরী নিজে জানিয়েছেন তাঁর ফেসবুক পেজে।
নায়ক শরিফুল রাজের সঙ্গে তাঁর ছবি দিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ রাজ। কনগ্র্যাচুলেশন পরী।’

তিনি জানান, কয়েক দিন ধরেই তিনি বুঝতে পেরেছিলেন তাঁর শরীরে আসন্ন পরিবর্তনের কথা। সোমবার তিনি এবং রাজ চিকিৎসকের কাছে যান। জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। রাজের সন্তান ধারণ করেছেন।

পরিচালক গিয়াসুদ্দিন সেলিম জানিয়েছেন, ‘গুণিন’ ছবিতে অভিনয় সূত্রে পরিচয় এবং প্রেম হয় রাজ-পরীমণির। গোপনে বিয়েও করেন তারা।

যদিও সেই খবর ছড়িয়ে পড়তে দেননি তারকা দম্পতি। পরিচালক চয়নিকা চৌধুরী জানিয়েছেন, তিনিও শুনেছেন এই খবর।

দেশের শিপইয়ার্ড আধুনিকায়নে আর্থিক ব্যয় নিয়ে সংকটে মালিকরা। সরকারি প্রণোদনা ছাড়া সবার পক্ষে গ্রিন ইয়ার্ড বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন তারা।

শোভন কর্মপরিবেশ না থাকায়, শ্রমিক মৃত্যুর হার বেড়ে যাওয়ায় দেশের শিপইয়ার্ডগুলোকে গ্রিন ইয়ার্ডে রূপান্তরের নির্দেশনা দেয় হংকং কনভেনশন। শিপইয়ার্ডগুলোকে দ্রুত গ্রিন ইয়ার্ডে রূপান্তরিত না করা হলে বাংলাদেশে স্ক্র্যাপ জাহাজ পাঠানো বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন বিদেশী বিক্রেতারা।

আন্তর্জাতিক আইন অনুযায়ী যেসব দেশ স্ক্র্যাপ জাহাজ আমদানি করবে তাদের ইয়ার্ডগুলোকে গ্রিন ইয়ার্ড বাস্তবায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

তথ্য মতে, বাংলাদেশে প্রায় ১৫০টি শিপ ইয়ার্ড নিবন্ধিত আছে। তবে মাত্র ৪০টির মতো শিপইয়ার্ড তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।

দ্য শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং রুলস ২০১১, আন্তর্জাতিক আইন এবং ২০০৯ সালের চীনে অনুষ্ঠিত হংকং কনভেশন রুলস অনুযায়ী আমূল ঢেলে সাজানো হচ্ছে এ শিপইয়ার্ডগুলো।

আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের সব শিপব্রেকিং ইয়ার্ড হংকং কনভেনশন সার্টিফিকেশন রুলস অনুযায়ী গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরিত করা হবে।

গেলো বছরে বার্ষিক জার্মানির মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ১ শতাংশ। ১৯৯৩ সালের পর এটাই সর্বোচ্চে।

ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের তথ্যমতে, জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতা মূল্যস্ফীতিতে প্রভাব ফেলেছে।

গত বছর ইউরোপের বৃহত্তম অর্থনীতির গড় মূল্যস্ফীতি দশমিক ৫ শতাংশ কম ছিল। তবে গত ডিসেম্বরে জার্মানিতে পণ্যের দাম ২০২০ সালের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

জ্বালানির দাম বাড়ায় ও সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে দেশটির মূল্যস্ফীতির হারে ঊর্ধ্বগতি দেখা দেয়।

অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে মূল্যস্ফীতির হার তুঙ্গে থাকবে। এরপর আবারো কমবে এ হার।

এদিকে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির কারণে ২০২২ সালের শুরুর দিকে প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধি ভোক্তা পর্যন্ত পৌঁছবে না,
লিবনিজ ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চের বরাত দিয়ে জানিয়েছে ডিপিএ সংবাদমাধ্যম।

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’-এর সংক্রমণ বাড়ার আশঙ্কায় জনসমাগম সীমিত করে মন্ত্রিপরিষদ বিভাগ বেশকিছু বিধিনিষেধ আরোপ মধ্যে কীভাবে অমর একুশে গ্রন্থমেলা আয়োজন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত আজ।

বইমেলার আয়োজক বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা জানিয়েছেন, বিদ্যমান পরিস্থিতিতে বইমেলার ভবিষ্যৎ কী হবে, মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে আজ তা ঠিক করা হবে।

গত বছর দেড় মাস পিছিয়ে আয়োজন করা হয়েছিল অমর একুশে গ্রন্থমেলা। করোনার কারণে ১৮ মার্চ মেলা শুরু হয়ে শেষও করা হয়েছিল নির্ধারিত সময়ের আগেই।

মেলায় মানুষের ভিড় কমাতে সে বছর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিটি স্টলের সামনে ফাঁকা জায়গা রেখে তৈরি করা হয় প্রায় ১৫ লাখ বর্গফুটের বিশাল প্রাঙ্গণ।

গত বছর বইমেলা পিছিয়ে গেলেও এবার ফেব্রুয়ারির প্রথম দিন থেকে মেলা আয়োজনের জন্য এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলা একাডেমি।
স্বাস্থ্যবিধি বজায় রাখার সুবিধার্থে এবারো প্রতিটি স্টলের সামনে ফাঁকা রেখে মেলা প্রাঙ্গণ তৈরির কাজ চলছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-তে ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়নে সেলফ লিস্টিং কিংবা ক্রস লিস্টিং প্রক্রিয়ার বিষয়ে এ বছরের ১০ জানুয়ারির মধ্যে একটি খসড়া প্রবিধান প্রণয়ন করে সেটি জমা দিতে না পারায় সময় চেয়েছে দুই স্টক এক্সচেঞ্জ।

ডিমিউচুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক্করণ) স্কিম অনুসারে দুই স্টক এক্সচেঞ্জের পুঁজিবাজারে শেয়ার ছাড়ার কথা ছিল। যদিও এখনো পর্যন্ত এক্সচেঞ্জ দুটি তা করতে পারেনি।

১০ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে কমিশনের কাছে সেলফ লিস্টিং ও ক্রস লিস্টিংয়ের বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এ প্রতিবেদনে স্টক এক্সচেঞ্জটির তালিকাভুক্তির বিষয়ে আনুষঙ্গিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি এ-সংক্রান্ত খসড়া প্রবিধান জমা দেয়ার জন্য এ বছরের জানুয়ারি মাস পর্যন্ত সময় চেয়েছে এক্সচেঞ্জটি।

ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা এম সাইফুর রহমান বলেন, খসড়া প্রবিধান প্রস্তুত করা হলেও এটি পর্ষদ অনুমোদন করাসহ আরো বেশকিছু প্রক্রিয়া সম্পন্ন করা বাকি রয়েছে। এজন্য এ মাস পর্যন্ত সময় দেয়ার জন্য কমিশনের কাছে আবেদন করা হয়েছে।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) নির্ধারিত সময় গতকালের মধ্যে খসড়া প্রবিধান জমা দিতে পারেনি, আরো ৬০ কার্যদিবস সময় চেয়েছে।

সিএসই এক কর্মকর্তা জানান, বেশকিছু নতুন বিষয় এক্ষেত্রে অন্তর্ভুক্ত হওয়ার কারণে এক্সচেঞ্জটিকে এটি প্রণয়নে আরো প্রস্তুতির প্রয়োজন।

সাদা পোশাকে বিদায়ী ম্যাচ রস টেলরের। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামার সময় বাংলাদেশের ক্রিকেটারদের দেয়া ‘গার্ড অব অনার’ হৃদয়ে গেঁথেছে নিউজিল্যান্ডের এই ব্যাটারের।

সম্মানে অভিভূত হয়ে কিউই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন- ‘বাংলাদেশের এই সম্মান তিনি ভুলবেন না।’

বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৩৯ বলে ২৮ রান করেন তিনি। চারটি চারের বাউন্ডারি ছিল ইনিংসে। এটি হতে পারে টেস্ট ক্যারিয়ারে তার শেষ ইনিংসও।

মাঠে প্রবেশের সময় টেলরকে বাংলাদেশের ক্রিকেটাররা দুই পাশ থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টেলরকে ‘গার্ড অব অনার’ দেন। যার ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন টেলর।

তিনি লিখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ। আজ ক্রিজে যাওয়ার সময় সত্যিকার অর্থে সম্মানজনক মুহূর্ত উপহার দেয়ার জন্য।’

প্রথম টেস্টে জয়ের পর ক্রাইস্টাচার্চে টাইগারদের অবস্থা বেশ নড়বড়ে। ৬ উইকেটে ৫২১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জবাবে ১২৬ রানে অলআউট সফরকারী বাংলাদেশ।

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ২৪ সেন্ট বা দশমিক ৩ শতাংশ বেড়েছে। তবে সেন্টে প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮১ ডলার ৯৯ সেন্টে ।

এবার কারণ করোনাভাইরাস নয়। নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় অপরিশোধিত জ্বালানি তেলের বাজার কিছুটা স্থিতিশীল ছিল। সম্প্রতি কাজাখস্তান ও লিবিয়ায় সরবরাহ সংকটের উদ্বেগে আন্তর্জাতিক বাজারে আবারো পণ্যটির দাম বাড়তে শুরু করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২২ সেন্ট বা দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৯ ডলার ১২ সেন্টে।

উল্লেখ্য, কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভে দেশটির শীর্ষ জ্বালানি তেল উত্তোলন ক্ষেত্র তেংগিজে উত্তোলন ও সরবরাহ ব্যাহত হচ্ছে। আর লিবিয়ায় পাইপলাইন রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে উত্তোলন কমে দৈনিক ৭ লাখ ২৯ হাজার ব্যারেলে নেমেছে।

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই কারখানা।

গত ১৮ ডিসেম্বর তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের শ্র্রিপেরুমবুদুর শহরে অবস্থিত ফক্সকনের এ কারখানায় কর্মরত ১৭ হাজার কর্মী মধ্যে ২৫০ জন কর্মী অসুস্থ হয়ে পড়ায় বন্ধ করে দেয়া হয়েছিল কারখানাটি।

কর্মীদের নিম্নমানের খাবার পরিবেশন এবং খারাপ কর্মপরিবেশের কারণে ফক্সকন ইন্ডিয়া বন্ধ করে দেয়া হয়েছিল। জানা গেছে, বুধবার ৫০০ কর্মী নিয়ে কারখানা কার্যক্রম শুরু হবে।

কিছু ডরমিটরি ও আহার কক্ষে প্রয়োজনীয় মান অনুসরণ না করায় ফক্সকনের চেন্নাই কারখানাকে ‘অন প্রোবেশন’ চিহ্নিত করে অ্যাপল। অ্যাপলের এ লেভেল কোনো কারখানায় দেয়া হলে সেখানে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়।

ভারতের চেন্নাই-এ কারখানায় আইফোন ১২ নির্মাণ করে আসছিল ফক্সকন। ভারতের একমাত্র কারখানা হিসেবে পরীক্ষামূলকভাবে আইফোন ১৩ নির্মাণ করে আসছিল। উল্লেখ্য, ভারতের এমন ৮টি সাপ্লায়ার কারখানা আছে অ্যাপলের।

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান।

সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলমকে শামীম ওসমান সমর্থন দিচ্ছেন বলে গত শনিবার আওয়ামী লীগের প্রার্থী আইভী অভিযোগের প্রেক্ষিতে সোমবার ১০ জানুয়ারে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শামীম ওসমান।

স্থানীয় সরকার নির্বাচনে সাংসদদের নির্বাচনী প্রচার বা নির্বাচনী কাজে অংশ নেওয়ার সুযোগ নেই। বিধি অনুযায়ী, এটি শাস্তিযোগ্য অপরাধ।

শামীম ওসমান যে শুধু নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন, তা নয়, প্রকারান্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারও চালিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শামীম ওসমান স্পষ্টতই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করেছেন। শামীম ওসমান নিজেও নির্বাচনের প্রচার চলাকালে এভাবে সংবাদ সম্মেলনে আসার জন্য নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চেয়েছেন।

সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নির্বাচন–পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারেন না।

বিধিমালায় সাংসদদের সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করা আছে, যে কারণে তাঁরা স্থানীয় সরকারের এই নির্বাচনের প্রচার বা নির্বাচনী কাজে অংশ নিতে পারেন না। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শাস্তি ৬ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড।

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর কবির নানকের এই বক্তব্যের পরই নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ হারিয়েছেন তৈমুর আলম খন্দকার। কারণ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হওয়েছেন তিনি। তবে তার নির্বাচনি প্রচারণায় আছেন বিএনপির অনেক নেতাকর্মী। গ্রেপ্তার মনিরুল ইসলাম মেয়র প্রার্থী তৈমুরের সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচনী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে গত রোববার সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের কর্মীসভায় যোগ দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সেখানে তৈমুর আলম খন্দকারের উদ্দেশে এই আওয়ামী লীগ নেতা বলেছিলেন, ‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’

সোমবার বিকেলে মনিরুল ইসলামকে তার সিদ্ধিরগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পুলিশ সুপারের কার্যালয়ে ছুটে যান তৈমুর আলম। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, এভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। গণহারে গ্রেপ্তার করলেই মানুষ আতঙ্কে পড়ে যাবে।

নানকের ওই বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তৈমুর আরও বলেন, ‘সরকারি দলের মেহমান (নানকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ) নারায়ণগঞ্জে এসে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, এভাবে নির্বাচনে হলে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি সবচেয়ে বেশি ক্ষুণ্ন হবে ।’

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তৈমুরের প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।