নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার গঠনে সার্চ কমিটির কাছে আসা প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তালিকা প্রকাশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম।


তিনি বলেন, সার্চ কমিটির কাছে আসা ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে। তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
 

এর আগে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশিষ্টজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার তৃতীয় বৈঠকের শুরুতেই নাম প্রকাশ করার কথা জানিয়েছিলেন সার্চ কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।


 নতুন ইসি গঠনে শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় বেলা ১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। এই দুটি সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের ২৫ বিশিষ্ট ব্যক্তি অংশ নেন।
  

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) তাদের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 নতুন ইসি গঠনে মোট ২৪টি রাজনৈতিক দল, ৬টি পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগতভাবে অনেকে সার্চ কমিটিতে নাম প্রস্তাব করেছে।

আদালতের নির্দেশে গঠিত আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পরিচালনা পর্ষদ বোর্ড আয়োজিত নিলামে প্রতিষ্ঠানটির সাতটি গাড়ি বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলাম অনুষ্ঠিত হয়।

নিলামে বিক্রিত ৭টি গাড়ি ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানান ইভ্যালির পরিচালনা পর্ষদ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

 নিলামে তোলা সাতটি গাড়ির মধ্যে ছিল ল্যান্ড ব্র্যান্ডের রেঞ্জ রোভার (ঢাকা-মেট্রো-ঘ-১৮-৭০৯৮, রেজি. সন: জুন ২০), টয়োটা প্রিউস (ঢাকা-মেট্রো-গ-৪৫-৪১২৭, রেজি. সন: জানু. ২১), টয়োটা চিএইচআর হাইব্রিড (ঢাকা-মেট্রো-ঘ-১৮-৭৫১২, রেজি. সন: জুলাই ২০), টয়োটা এক্সিও (ঢাকা-মেট্রো-গ-৪৫-৪৬২০ এবং ঢাকা-মেট্রো-গ-৪৫-৪৬২১, রেজি. সন: জানু ২১), হোন্ডা ভেসেল (ঢাকা-মেট্রো-ঘ-১৮-৯৬১৫, রেজি. সন: জানু ২১), টয়োটার মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-৫৬-৪৮২২, রেজি. সন: জুন ২০)।


 প্রথমেই নিলামে তোলা হয় বিলাসবহুল রেঞ্জ রোভারটি। গাড়িটির ভিত্তিমূল্য ধরা হয় ১ কোটি ৬০ লাখ টাকা। প্রকৌশলী হাবিবুর রহমান সর্বোচ্চ ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গাড়িটি কিনে নেন। গাড়িটি কিনতে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা শেখ শফিউল আলম দাম হেঁকেছিলেন ১ কোটি ৮১ লাখ টাকা।


পরবর্তীতে ধাপে ধাপে টয়োটা প্রিউস ব্র্যান্ডের একটি গাড়ির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ১৩ লাখ ৫০ হাজার টাকা। এই গাড়িটি সর্বোচ্চ মূল্য ১৭ লাখ ৩০ হাজার টাকা দিয়ে মো. রিপন ইসলাম কিনে নেন। টয়োটা সিএইচআর ব্র্যান্ডের গাড়ির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ১৮ লাখ টাকা।  এই গাড়িটির সর্বোচ্চ মূল্য ২৩ লাখ ৮০ হাজার টাকায় কিনে নেন প্রশান্ত ভৌমিক নামের এক রেস্তোরাঁ ব্যবসায়ী। তিনি আরও একটি গাড়ি কিনেছেন।
টয়োটা এক্সিও ব্র্যান্ডের একটি গাড়ির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ৯ লাখ ৮০ হাজার টাকা। এ গাড়িটির সর্বোচ্চ মূল্য ১৫ লাখ ৩৫ হাজার টাকায় কিনে নেন আবুল হাসনাত রাসেল।

টয়োটা এক্সিও ব্র্যান্ডের আরও একটি গাড়ির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ৯ লাখ ৮০ হাজার টাকা। এ গাড়িটি সর্বোচ্চ মূল্য ১৫ লাখ টাকায় ওই রেস্তোরাঁ ব্যবসায়ী প্রশান্ত ভৌমিক কিনে নেন।হোন্ডা ভেসেল ব্র্যান্ডের গাড়ির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ১৬ লাখ টাকা।  এটি সর্বোচ্চ নিলাম মূল্য ১৭ লাখ ৬০ হাজার টাকা দিয়ে কিনে নেন আইনজীবী কানিজ ফাতেমা। টয়োটা ব্র্যান্ডের একটি মাইক্রোবাসের ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ১২ লাখ টাকা। এটি সর্বোচ্চ নিলাম মূল্য ২০ লাখ টাকা দিয়ে কিনে নেন রিয়াজ উদ্দিন।

ইভ্যালির পরিচালনা পর্ষদ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জানান, নিলাম নিয়ে পরিচালনা পর্ষদ খুশি। গাড়ির কাঙ্ক্ষিত দাম পাওয়া গেছে বলে জানান তিনি।

অনেক দিন ধরেই দ্বিতীয় বিয়ের গুঞ্জণ ছিল দর্শকদের মুখে। আগের স্বামী মাহিন সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন সারিকা।

শোবিজ পাড়ায় বেশ দর্শকপ্রিয় মুখ সারিকা সাবরিন। অবশেষে গত ২ ফেব্রুয়ারি তিনি বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্বামীর নাম বি. আহমেদ।

দুই পরিবারের উপস্থিতিতি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানান সারিকা। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘ইচ্ছা করে জানানো হয়নি। আমাদের আপনারা ভালোবাসায় রাখবেন। আগামী ১২ তারিখ থেকে আবারও কাজ শুরু করব।’

জানা গেছে, সারিকার স্বামী পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এর আগে ২০১৪ সালে ভালোবেসে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের। মাহিম-সারিকা দম্পতির এক মেয়ে আছে।

মডেলিংয়ের মাধ্যমে ২০০৬ সালে ক্যারিয়ার শুরু করেন সারিকা। বিজ্ঞাপনে কাজ করে বেশ পরিচিতি পেয়েছিলেন।

হাত ধোয়া সম্পর্কিত আচরণ পরিবর্তনের ক্ষেত্রে শিশুদের ভুমিকার কথা স্বীকার করে ইউনিসেফ। কক্সবাজারে শিশুদের জন্য হাত ধোয়াকে মজার বিষয়ে রূপ দিতে ইউনিসেফ একটি উদ্ভাবনী কর্মসূচি প্রণয়ন করেছে, যেখানে কোভিড-১৯ মোকাবেলায় হাইজিন সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টায় তাদেরকে কেন্দ্রে রাখা হয়েছে।

এক্ষেত্রে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে পরিবার, বন্ধু ও কমিউনিটিতে হাত ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কিত জ্ঞান বিনিময় অব্যাহত আছে।কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি এবং পরিপূর্ণ হাইজিন অভ্যাস গড়ে তুলতে নিজেদের উদ্যোগী হওয়ার জন্য প্রতিটি শিশু ১০ জন মানুষের কাছে গুরুত্বপূর্ণ বার্তাগুলো পৌঁছে দিচ্ছে।

“করোনাভাইরাস প্রতিরোধে আমাদের গুরুত্বপূর্ণ তিনটি কাজ করতে হবে। আমাদের ঘন ঘন সাবান ও হ্যান্ড রাব দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত পরিষ্কার করতে হবে।

“দ্বিতীয়ত, হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ঢাকতে হবে আমাদের বা টিস্যু ব্যবহার করতে হবে। টিস্যু না থাকলে পরে আপনার হাত ধুয়ে নিতে হবে।

“তৃতীয়ত, আমাদের একে অপর থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে যেমনটি এখন আমি আপনাদের দেখাচ্ছি,” বলে হাত প্রসারিত করে প্রয়োজনীয় ন্যূনতম দূরত্ব ইংগিত করতে হবে।

কক্সবাজারে ইউনিসেফের হাইজিন প্রমোশন স্পেশালিস্ট সিলভিয়া রামোস জনিয়েছেন, “এই শরণার্থী শিবিরগুলোতে ঠিকমতো হাত না ধোয়া এবং ছোট শিশুদের পানিবাহিত রোগ ডায়রিয়ায় ভোগা ছিল নিয়মিত ঘটনা।

ইউনিসেফের অংশীদাররা বিগত এক বছর ধরে সর্বোত্তম উপায়ে হাত ধোয়া শেখানো, এ বিষয়ে আচরণগত পরিবর্তনে উৎসাহী করা এবং কমিউনিটি, বিশেষত শিশুদের হাতধোয়া নিয়ে সচেনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য যোগ্য করে তুলতে কাজ করে আসছে।

সিলভিয়া বলেন, “আমরা বিগত বছর হাত ধোয়া সম্পর্কিত আচরণগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ প্রারম্ভিক কাজ করেছি, যা এখন কোভিড-১৯ মহামারীর কারণে অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি জরুরি হয়ে উঠেছে ।”

কোভিড-১৯ জনাকীর্ণ শরণার্থী শিবিরগুলোতে ভয়ানক চ্যালেঞ্জ নিয়ে এসেছে। এসব শিবিরে ৮ লাখ ৬০ হাজার শরণার্থী রয়েছে, যাদের অর্ধেকই শিশু। গড়ে প্রতি বর্গকিলোমিটারে ৪০ হাজার শরণার্থী বসবাস করছে, যা তাদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাবের উচ্চ ঝুঁকি তৈরি করেছে।

অভিন্ন টয়লেট, গোসলখানা ও টিউবওয়েলের মতো পানি, পয়ঃনিষ্কাশন ও হাইজিন অবকাঠামোগুলো অনেকে মিলে ব্যবহার করায় জটিলতা ও চ্যালেঞ্জগুলো অনেক বেড়ে যায়।

সিলভিয়া বলেন, “কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষায় সাবান দিয়ে হাত ধোয়া সবচেয়ে ভালো উপায়গুলোর একটি। হাইজিন যাতে আরও বেশি মেনে চলা হয় সেজন্য আমরা কর্মতৎপরতা সম্প্রসারণ করছি এবং শরণার্থী শিবিরগুলোতে সাবান দিয়ে হাত ধোয়ার সুবিধা বাড়াচ্ছি।

“যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলার মধ্য দিয়েই কোভিড-১৯ কে পরাজিত করা না গেলেও তা এই রোগ প্রতিরোধের একটি সুযোগ তৈরি করে। এখন আমরা হাত ধোয়ার অভ্যাস তৈরিতে আরও সচেতনতা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নের প্রতি নজর দিচ্ছি। আমরা আমাদের ছোট দূতদের নিয়ে গর্বিত, যারা নিজেদের কমিউনিটিতে ইতিবাচক আচরণগত পরিবর্তনে জোরাল ভূমিকা রেখে চলেছে।”

অভিনেত্রী নিপুন আদালতের আদেশ অমান্য করেই চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে বসেছেন বলে অভিযোগ করেছেন অভিনেতা জায়েদ খান।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি। জায়েদ বলেন, সাধারণ সম্পাদক পদে দায়িত্বে বসা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে ওই পদে ‘স্থিতাবস্থা’ দিয়েছেন আদালত। ১৩ তারিখ পর্যন্ত আদালত ‘স্থিতাবস্থা’ দিয়েছেন, তারা কি এর মানে জানে না? 

বৃহস্পতিবার বিকেল ৩টায় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে চেয়ারে বসেছেন নিপুণ আক্তার। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূরসহ অনেকে।

এদিন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠনের নেতারা সাধারণ সম্পাদক হিসেবে বরণ করে নিয়ে নিপুণকে মিষ্টি মুখ করান। নিপুণের টেবিলে সাধারণ সম্পাদক হিসেবে নেম প্লেটও রাখা হয়। অভিনেত্রী ও সাংগঠনিক সম্পাদক শাহনূরের জন্মদিনও পালন করা হয় এদিন।

ভারতের কর্ণাটক আদালত এবার নতুন আলোচনার জন্ম দিয়েছে। কয়েকদিন ধরে বেশ আলোচনা সমালোচনার প্রেক্ষিতে আদালত নতুন রায়ে বলেছেন, হিজাব নিয়ে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পড়ুয়ারা কেউ ধর্মীয় পোশাক পরে কলেজে প্রবেশ করতে পারবেন না।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এক মামলার শুনানিতে নির্দেশ দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট। আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

আনন্দবাজারের এক খবরে বলা হয়, হিজাব নিয়ে সরকারি নির্দেশের বিরুদ্ধে আদালতে একটি মামলা চলছে। হার্ইকোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি চলছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করার আগে প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি বলেন, কর্নাটকের কলেজগুলো খোলা যেতে পারে, তবে যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন তাই পড়ুয়ারা কোনো রকম ধর্মীয় পোশাক পরে কলেজে প্রবেশ করতে পারবেন না।

শুধু মুখের কথা শুনে কোনো রকম প্রতিবেদন না করার জন্য সাংবাদমাধ্যমকে নির্দেশে দিয়েছেন আদালত। পডুয়াদের সঙ্গে আচরণে চরম সংযম বজায় রেখে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত বলেন, মাথায় স্কার্ফ পরা মৌলিক অধিকারের মধ্যে পড়ে কি না তা বিবেচনা করছি। সেই সঙ্গে এটি ধর্মীয় অনুশীলনের অংশ কি না তাও বিবেচনা করে দেখা হচ্ছে।

এদিকে হিজাব ইস্যুতে পশ্চিমবঙ্গে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে সজাগ থাকতে সব থানার উদ্দেশে সতর্কতা জারি করেছেন রাজ্য গোয়েন্দারা। রাজ্যের সব জেলার পুলিশ সুপার, কমিশনারেটের মাধ্যমে সেই সতর্কবার্তা প্রতিটি থানাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ ইতিমধ্যেই এরাজ্যে বেশ কিছু জায়গাতে হিজাবের স্বপক্ষে প্রতিবাদে বিক্ষোভ শুরু  হয়েছে।

কর্ণাটকের একটি স্কুলে সম্প্রতি ছাত্রীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি হয়। এর পর আরও কয়েকটি স্কুল হিজাব পরে ছাত্রীদের ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ ওঠে। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন কর্নাটকের উদুপির পাঁচ পড়ুয়া। গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এক দফা শুনানি হয়।

কর্ণাটকের মাণ্ড্য প্রি-ইউনিভার্সিটি কলেজের হিজাব-বিতর্কে তোলপাড় গোটা ভারতবর্ষ। কর্ণাটক থেকে বিক্ষোভের পারদ এখন গোটা ভারতবর্ষে। এ নিয়ে চলছে প্রতিবাদ ও বিক্ষোভ। কলকাতায়ও এ নিয়ে তুমুল বিক্ষোভ হয়েছে। এ নিয়ে সতর্ক দেশটির বিভিন্ন রাজ্য।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) তৃতীয় গণবিজ্ঞপ্তির পরও ১৫ হাজার ৩২৫টি পদ খালি রয়ে গেছে। সেসব পদ পূরণে ৬ ফেব্রুয়ারি রাতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  

খালি পদগুলো পূরণের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর বিশেষ এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এর মাধ্যমে এমপিও পদে ১২ হাজার ৮০৭ এবং নন-এমপিও পদে দুই হাজার ৩৫৬ জনসহ মোট ১৫ হাজার ১৬৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা পাওয়া যাবে www.ntrca.gov.bd ও http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে। আবেদন করতে হবে ৮ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে।

উল্লেখ্য, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অধিকাংশই ইনডেক্সধারী হওয়ায় এবং নারী কোটা ও অন্য ক্ষেত্রে যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ৩২৫টি পদ ফাঁকা রয়ে গেছে। এই অবস্থায় বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ।

এর আগে, ২০ জানুয়ারি ২০২২ সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৪ হাজার ৭৩টি পদে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে এনটিআরসিএ।

‘গায়েবি বউ’ নামের একটি নাটকের কাজ গতবছরের শেষ দিকে শেষ করেছেন চিত্রনায়িকা ও অভিনেত্রী তানিন সুবহা। একটি সত্য ঘটনা অবলম্বনে নাটকটি নির্মিত।

তানিন ছাড়া এতে আরো অভিনয় করেছেন-হৃদয় রাজ জয়, ম. আ সালাম, সাবিহা জামান, মালতী, মিকাইল আহমেদ ও শাওন আশরাফ। এটি রচনা করেছেন আলী হায়দার। পরিচালনা করছেন জেসমিন আক্তার নদী।

এ প্রসঙ্গে অভিনেত্রী তানিন সুবহা জানান, নতুন এই নাটকের গল্পটি সুন্দর। তাই এতে অভিনয় করা। ‘নাটকে কিংবা সিনেমায় কাজ করার ক্ষেত্রে চরিত্রটি গুরুত্বপূর্ণ কিনা সেটাই আসলে আমার কাছে বিশেষভাবে দেখার বিষয়।

এ নাটকেও আমাকে সেভাবে উপস্থাপন করা হয়েছে। সায়মন ভাই ও নদী ভাবির কাজে অন্যরকম ভালোলাগা কাজ করে সব সময়। তারা বেশ মনোযোগ দিয়ে কাজ করেন বলে কাজটাও ভালো হয়।

মধুমতি মডেল টাউনের মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে। নাটকটি প্রযোজনা করেছেন সিডি প্লাস।

নির্বাচনকে উদ্দেশ্য করে এখন বিএনপি নেতাদের উঁকিঝুঁকি দিতে দেখা যাচ্ছে, করোনাকালে অসহায় মানুষের পাশে তাদের দেখা যায়নি বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ‘এতোদিন গ্রাম-গ্রামান্তরে তাদের কোনো খবর ছিলো না, নির্বাচনের উদ্দেশ্যে এখন বিএনপি নেতাকর্মীদের ধীরে ধীরে দিনে-রাতে বিভিন্ন নিমন্ত্রণ-দাওয়াতে দেখা যাচ্ছে, তারা আবার মানুষের কাছে আসার চেষ্টা করছে’ উল্লেখ করে ড. হাছান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘তাদেরকে প্রশ্ন রাখতে হবে, যখন বন্যা হয়েছিলো, আপনারা তখন কোথায় ছিলেন, করোনাকালে একমুঠো চাল নিয়ে কেন মানুষের কাছে আসেননি?’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছে, কয়েক হাজার নেতাকর্মী মৃত্যুবরণ করছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৮১ সদস্যের মধ্যে উপদেষ্টামন্ডলীসহ ৫ জন সদস্য মৃত্যুবরণ করছে। আওয়ামী লীগের বহু এমপি মৃত্যুবরণ করেছে। করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছে, আবার সুস্থ হয়ে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে মৃত্যুবরণ করছে, এমন ঘটনা বহুজনের ক্ষেত্রে ঘটেছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘এই করোনাকালে রাঙ্গুনিয়াসহ সারাদেশে আমাদের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিয়েছে, সেই ধান আবার মাথায় তুলে কৃষকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। কিন্তু অন্য কোনো দলকে দেখা যায়নি। যখন নির্বাচন আসছে, আমরা যেই কাজগুলো করেছি, সেই কাজ ভুল ধরার জন্য এখন তাদেরকে উঁকিঝুঁকি দিতে দেখা যাচেছ।

শিলক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাশেম মাস্টারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তালুকদারের সঞ্চালনায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম তালুকদার উদ্বোধক এবং সাধারণ সম্পাদক ইঞ্জি. সামশুল আলম তালুকদার প্রধান বক্তা হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম চিশতি, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার, এইচএন বেদারুল আলম চৌধুরী বেদার প্রমুখ এবং রাঙ্গুনিয়া উপজেলা ও শিলক ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর। এবারের মেলায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার পণ্যের রফতানি আদেশ এসেছে। এ সময়ে মোট ৪০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। এ বিক্রি থেকে ১ কোটি ৫০ লাখ টাকার ভ্যাট আদায় করা হয়েছে। বাণিজ্য মেলায় অবস্থিত কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পূর্ব) এর অস্থায়ী অফিস স্টলগুলো থেকে ভ্যাট আদায়ের কাজটি করেছে।

সোমবার (৩১ জানুয়ারী) রাজধানীর পূর্বাচলে সমাপনী অনুষ্ঠানে এসব জানায় রপ্তানি উন্নয়ন ব্যুরো।

এছাড়া ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংক অনলাইনে ভ্যাটের চালান সংগ্রহ করেছে। আগে এটি ম্যানুয়ালি করা হতো।কারণ করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের প্রভাবে ও সরকারি বিধিনিষেধে ক্রেতা সমাগম বেশি না হওয়ায় মেলায় পণ্য বিক্রি আশানুরূপ হয়নি ব্যবসায়ীদের। এ অবস্থার মধ্যেই সোমবার পর্দা নামল এবারের বাণিজ্য মেলার।


বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআইয়ের জসিম উদ্দিন ও বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।